খালেদা জিয়াকে স্বাগত জানাতে অপেক্ষায় লন্ডন বিএনপি
১৬ জুলাই ২০১৭, ০৪:২২ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েক ঘন্টা আগে থেকেই তারা সেখানে আসতে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ই কে ০০৫ ফ্লাইটের বিমানটি আর কিছুক্ষণ পরেই অর্থাৎ লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫ মিনিট ) হিথ্রো বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।
লন্ডন বিএনপির সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের সকাল ৭টায় বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে উপস্থিত থাকতে আগেই জানিয়েছিলেন। কিন্তু নেতাকর্মী ও সমর্থকরা কয়েক ঘন্টা আগে থেকেই সেখানে ভিড় করতে থাকেন। সর্বশেষ জানা যাচ্ছে,হিথ্রো বিমানবন্দরে এখন নেতাকর্মীদের প্রচুর ভিড়। কয়েক হাজার কর্মী-সমর্থক একত্রিত হয়েছেন।
লন্ডন বিএনপির সূত্রটি আরো জানায়, খালেদা জিয়া বিমানবন্দরে নেমে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত গাড়িতে করেই লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন।
ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
লন্ডনের ওই কটেজেই খালেদা জিয়া সফরসঙ্গীসহ তারেক রহমানের স্ত্রী, মেয়ে ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন। কয়েকদিন পরে তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাড়িতে উঠবেন তিনি।
বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এসময় যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


























