বল প্রয়োগেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না: আবদুর রব
১৩ এপ্রিল ২০১৬, ০৩:১৩ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের পরিস্থিতি ভয়াবহ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন-গুম, হত্যা-ধর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, জনগণ এখন চরম উকণ্ঠার মধ্যে রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে জেএসডি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সকল কথা বলেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটি খুনের বিষয়ও তদন্ত সম্পন্ন করতে পারেনি সরকার। রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। তাই এ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই। এখন আর সরকার বল প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারবেনা বলেও তিনি মনে করেন।
জেএসডি সভাপতি আরো বলেন, রাজনৈতিক সংকটকে শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করতে গিয়ে সরকার সারা দেশে হিংস্রতা ছড়িয়ে দিচ্ছে। আর উন্নয়নের নামে তান্ডব চলাচ্ছে। রাজনৈতিক সংকট, বৈধতার সংকট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সংকট, সব মিলে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, তানিয়া ফেরদৌসী, আতাউল করিম ফারুক, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।


























