রেহমান-মান্নানের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি: বিএনপি
১৬ এপ্রিল ২০১৬, ০৬:২৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সাংবাদিক শফিক রেহমান ও গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
আজ শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে সকাল সাড়ে ১০টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শফিক রেহমান ও মান্নানের গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে এমনটা দাবি করে রিজভী বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবন-যাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর লেখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।
সরকার চারদিকে ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতার একটি ঘৃণ্য নাটক। সরকার কোনো দিক সামাল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেফতার করে সরকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে। তার গ্রেফতার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করে মুক্তির দাবি জানাচ্ছি।
প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, শফিক রেহমানের পিতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার (শেখ মুজিবুর রহমানের) শিক্ষক ছিলেন। গুণীজনদের যদি এ পরিনতি হয় তাহলে কোন শকুনীরা দেশ চালাচ্ছে। এ দেশকে কারা ছিড়ে টুকরো টুকরো করছে। বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান গ্রেফতার হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? অবস্থাদৃষ্টে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ছাড়া এ দেশে কারো সম্মান ও বাস করার অধিকার নেই।
আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে সাংবাদিক শফিক রেহমানকে ইস্কাটনের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে জানান, পল্টন থানার রাষ্টদ্রোহ একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে গাজীপুর থেকে ঢাকা আসার পথে মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের দেখতে পারে না। তাই গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করেছে। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।


























