সরকার ক্রমাগত চোরাবালিতে তলিয়ে যাচ্ছে: রিজভী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০১৬, ১০:০১ পিএম


সরকার ক্রমাগত চোরাবালিতে তলিয়ে যাচ্ছে: রিজভী

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করে বলেছেন, সরকারের পা ক্রমাগত চোরাবালিতে তলিয়ে যাচ্ছে।

রাবির শিক্ষক হত্যা, কাশিমপুর কারাগারের কারারক্ষী হত্যা, ধানমন্ডির জোড়া খুনের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এসব হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী তদন্তের আগেই বিএনপি-জামায়াতকে জড়িয়ে বক্তব্য দিলেন। এতে প্রমাণ হয়, সরকারের পা ক্রমাগত চোরাবালিতে তলিয়ে যাচ্ছে বলেই বিএনপিকে হুমকি ধামকি দেয়া হচ্ছে।
 
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলেন।
 
দেশব্যাপী হত্যা ও লাশের উৎসব চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সন্ত্রাস নির্ভর এই সরকার সন্ত্রাসবাদের অন্ধগলিতে পথ হারিয়ে ফেলার কারণেই এখন উন্মাদের মতো কথা বলছে। বিরোধী দলকে দমনে রক্তাক্ত পন্থা অবলম্বন করে নিজেদের মসনদকে কন্টকমুক্ত রাখতে গিয়েই দেশব্যাপী হত্যা আর লাশের উৎসব চলছে।
 
রিজভী বলেন, হিংসাত্মক আক্রমণ, অনাচার ও নৈরাজ্য আওয়ামী লীগের জন্মগত বৈশিষ্ট্য। তাই তাদের আগ থেকেই এমন প্রস্তুতি থাকে যে তারা এমন ঘটনা ঘটাবে আর বিএনপি-জামায়াতকে দায়ী করবে।
 
তিনি বলেন, চরম অরাজকতার গভীর অন্ধকারে দেশ। আইনি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী কি করে বলেন এসব ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। সীমাহীন ব্যর্থতায় জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরাতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনগণের ভোটবিহীন গঠিত এই সরকারের জনগণের কাছে জবাদিহিতা নেই। সরকার দলীয় ক্যাডাররা উস্কানি পেয়ে ভয়াবহ বেপরোয়া হয়ে ওঠার কারণে জনগণের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।
 
এসময় জয় হত্যা ও ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া এবং একই মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়ার তীব্র প্রতিবাদ জানান তিনি।
 
সিটি করপোরেশন, পৌর ও ইউপি নির্বাচন বিষয়ে রিজভী বলেন, দেশে এখন নির্বাচন মানেই হচ্ছে রক্ত ঝড়ানো, কেন্দ্র দখল, ভোট ডাকাতি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আ্লাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Ads