বাংলাদেশে পাকিস্তানি ষড়যন্ত্র চলছে : নৌমন্ত্রী
৩০ এপ্রিল ২০১৬, ০৭:২৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আজ শনিবার সকালে বাগেরহাটের মংলা বন্দর কর্তৃপক্ষের সংগৃহীত কাটার সাকশন ড্রেজার ‘সিডি ইমাম শাফীর’ উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশে ‘পাকিস্তানি ষড়যন্ত্র’ চলছে।
নৌমন্ত্রী বলেন, পাকিস্তানি ষড়যন্ত্র এ দেশে চলছে এবং পাকিস্তানি ষড়যন্ত্রের কারণে আজকে যারা তাঁদের মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত, তারা তাদের সঙ্গে আছে। বিগত জ্বালাও-পোড়াও আন্দালনে সফলতা অর্জন না করে তারা এখন ভিন্ন পথে গেছে। সেই পথটি হলো এই হত্যাকাণ্ডের পথ।
‘হত্যাকাণ্ড করে কখনো কেউ লাভবান হতে পারেনি। কেউ কারো কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে পারেনি। হত্যাকাণ্ড যারা করে, তারা সন্ত্রাসী। উগ্র সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতার ভিত্তিতে তারা মানুষকে মোটিভেটেড (তাড়িত) করার চেষ্টা করছে। এটা ব্যর্থ হবে। এই জঙ্গিবাদ বাংলাদেশে চলবে না। এটা অচল হয়ে গেছে।’
মংলা বন্দরের জেটিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ ড্রেজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আবদুল খালেক ওবং ভারতের টিমব্লো ড্রাইডক প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মি. কার্ন। এ ছাড়া স্থানীয় প্রশাসন, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।


























