খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে বগুড়ায় স্বেছাসেবক দলের বিক্ষোভ
১৪ মে ২০১৬, ০৬:৪৫ পিএম
বগুড়া প্রতিনিধি :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছে জেলা স্বেছাসেবকদল।
আজ শনিবার দুপুরে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
জেলা সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর নেতৃত্বে মিছিলটি সামনে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, স্বেচ্ছাসেবক দল শহর কমিটির সভাপতি মাহবুব হাসান লেমন, সাইমুম হোসেন, আতিক, সাকিল, পলাশ প্রমূখ।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে বন্দী করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবেনা। যতই ষড়যন্ত্র, মামলা, জুলুম-নির্যাতন করা হোক জিয়ার সৈনিকরা রাজপথ ছাড়বেনা। বিএনপি কোন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। জনগণের ভোটে নির্বাচিত হয়েই আমরা দেশ শাসন করতে চাই। এর আগে একই স্থানে জেলা ছাত্রদল একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।


























