সরকার জঙ্গিবাদ দমনে জাতীয় প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেন তাহলে পাশে থাকবে বিএনপি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জুন ২০১৬, ০৭:০১ পিএম


সরকার জঙ্গিবাদ দমনে জাতীয় প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেন তাহলে পাশে থাকবে বিএনপি

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। সরকারের একার পক্ষে জঙ্গিবাদের উত্থান নির্মূল করা সম্ভব নয়, এজন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেছেন, যদি সরকার জঙ্গিবাদ দমনে জাতীয় প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেন তাহলে আমরা (বিএনপি)সাড়া দেব।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্সে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ বলেন, পুলিশ, র‌্যাব দিয়ে উগ্রবাদ, জঙ্গিবাদ দমন করা যাবে না। এতে অবস্থার আরও অবনতি ঘটবে।

জঙ্গিবাদ দমনে একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনিয়তার কথা উল্লেখ করে মওদুদ বলেন, জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে জঙ্গিবাদ থাকবে না। গণতন্ত্র ফিরে আসলে জঙ্গিবাদের অবসান ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও দেখছি দেশে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। সংবিধানে গণতন্ত্র থাকলেও বাস্তবে দেশে গণতন্ত্র নেই। সংসদ নির্বাচনে ৫ কোটি ভোটারের ভোটের প্রয়োজন হয়নি। এখন মন্ত্রী সভায় যারা আছে তারা সবাই অনির্বাচিত।

মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার মন্তব্য করে তিনি বলেন, আজকে দেশে ভয়ংকর একটি অবস্থা বিরাজ করছে। এ অবস্থা আছে বলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আজকে এতো ব্লগার, মুয়াজ্জিন, হিন্দু লোক মরল তা কি কারণে? সরকার বলেন, তারা জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্সে বিশ্বাস করেন। আমরাওতো এ ব্যাপারে জিরো টলারেন্স বিশ্বাস করি।

এসময় তিনি বলেন, সরকার দেশে ঘটে যাওয়া ২৭টি হত্যাকাণ্ডের একটি বিচারও করতে পারেননি। তাতে বুঝা যায় সরকারের সততার অভাব আছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দরকার ছিল না এমন মন্তব্য করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, নির্বাচন নিয়ে এত রক্তক্ষয়ী সংঘর্ষের প্রয়োজন ছিল না। আইন করে বলে দিলেই তো আওয়ামী লীগ বিজয়ী হয়ে যেত, তাহলে এতো প্রাণহাণী হতো না ।

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসেরন উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।

Ads