দুর্নীতি দমন মামলায় খোকার ১৩ বছরের কারাদন্ড
২১ অক্টোবর ২০১৫, ১২:৩২ এএম
প্রতিদিনের চিত্র :: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা টাকা আত্মসাতের মামলায় ১৩ বছর কারাদন্ড ও ১১ লাখ টাকা জরিমানা এবং সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়।
এছাড়াও তার বিরুদ্ধে জরিমানা অনাদায়ে আরো ১৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করেন।
গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিলেন আদালত। এর আগে এই মামলায় দুদকের পক্ষে আদালত ৪২ জন সাক্ষী সাক্ষ্য দেন।
বিএনপির এই নেতাকে পলাতক দেখিয়ে ২০১৪ সালের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুর্নীতি দমন কমিশনে ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন।
দুদক সাদেক হোসেন খোকার সম্পদের তদন্তের পর ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করেন।


























