বোমা হামলা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০১৫, ০৭:৫৫ পিএম


বোমা হামলা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশকে অস্থিশীল ও আতঙ্ক রাষ্ট্রে পরিণত করতে দেশীয় ও আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে তরই বহিঃপ্রকাশ আজকে এই বোমা বিস্ফোরণ।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনী দালানের সামনে বিস্ফোরণে আহতদের হাসপাতালে দেখতে যেয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল আমাদের কোনো দুর্বলতা ছিল না। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা অবশ্যই আমরা খতিয়ে দেখব।
এ ঘটনায় জঙ্গী সম্পৃক্ততা রয়েছে কিনা জানতে তিনি বলেন, আনসারুল্লাহ, হুজি, জেএমবি, আলকায়েদা, আইএস সব এক জায়গার প্রডাক্ট। আমরা এ দেশে কখনোই তাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেইনি। আর কখনও দিবোও না।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ বিষয়ে বলেন, অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে ১৬টি সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করছি। একটু সময় লাগবে। আশা করছি ভাল কিছু দেখাতে পারব। সবার সামনে তা প্রকাশিত হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়  হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক নিহত হন। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

Ads