শিয়াদের উপর হামলার নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০১৫, ০৯:১৬ পিএম


শিয়াদের উপর হামলার নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাজধানী ঢাকার হোসেইনী দালান থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হোয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি।

আজ (শনিবার) দুপুরে রাজধানী ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার বিষয়ে ফখরুল বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।

তিনি বলেন, সাম্প্রতিক দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তদন্তের আগেই বলে দিল, এটা বিএনপি-জামায়াত করেছে। সরকার বিএনপিকে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে দলের ভাবমুর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে বা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে কোনো জঙ্গিবাদের  সম্পৃক্ততা নেই। বিএনপি আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে। কেননা, এ দলটির মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। 

তিনি আরো বলেন, বিএনপিকে সরকার এ দেশ হতে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে দিতেই বর্তমান সরকার বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়াতে চায় । কিন্তু অত সহজে বিএনপিকে নিশ্চিহ্ন ও নির্মূল করা যাবে না। কেননা, বিএনপির সঙ্গে বাংলার জনগণ রয়েছে।

বিএনপির এ মহান নেতা রাজধানী ঢাকার হোসেইনী দালানের ঘটনায় নিহত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সাথে সাথে তিনি এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা হামলায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন, আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠন রক্তদান কর্মসূচি, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করবে।

Ads