রাজনীতি থেকে অবসরে শমসের মবিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ অক্টোবর ২০১৫, ০৮:০৬ পিএম


রাজনীতি থেকে অবসরে শমসের মবিন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আজ (বৃহস্পতিবার) তিনি ব্যক্তিগত অসুস্থতার কথা উল্লেখ করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ এবং রাজনীতি থেকে অবসরের এই ঘোষণা দেন।

শমসের মবিন চৌধুরী জানিয়েছেন, তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার অবসরে যাওয়ার বিষয়টি একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন। তিনি বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠিটি পৌঁছে দেন।

তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আমি দুর্বল। বর্তমানে রাজনীতি করার মতো মানসিক অবস্থা আমার নেই। এ কারণে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।

তিনি আরও বলেন, আমি প্রোস্টেট ও চোখের সমস্যায় ভুগছি। চিকিৎসার জন্য আমার বিদেশে যাওয়া জরুরি। এমআরপি পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছি।

প্রসঙ্গত, ২০০১-২০০৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন শমসের মবিন চৌধুরী।

শমসের মবিন চৌধুরী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ২ বছর চাকরির মেয়াদ শেষ করে ২০০৮ সালে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি।

২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। বিগত সরকারবিরোধী আন্দোলনে দীর্ঘসময় তিনি কারাগারে ছিলেন ।

Ads