আদালতে আত্মসমর্পণের পর কারাগারে ফখরুল
০৪ নভেম্বর ২০১৫, ০১:৩৮ এএম
ঢাকা প্রতিনিধি :: নাশকতার তিন মামলায় রাজধানীর পল্টন থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে আত্মসমর্পণ করার পর জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ।
মির্জা ফখরুল আজ (মঙ্গলবার) বেলা ৩টার দিকে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুনানি শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ ছাড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে শুনানি নিষ্পত্তির নির্দেশ দেন।
এর আগে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে করা তিন মামলায় স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে গত ১৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন ৬ সপ্তাহের জন্য বহাল রাখেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীকালে এই মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৪ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর জন্য মির্জা ফখরুলের পক্ষে আবেদন জানানো হয়। ৩১ আগস্ট ওই আবেদনের শুনানি করে আপিল বিভাগ প্রথম দফায় তার আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহের জন্য বৃদ্ধি করেন।
এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য আরো ৮ সপ্তাহ সময় চেয়ে ফখরুলের আইনজীবীদের করা আবেদনের শুনানি নিয়ে গত ৬ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ২ নভেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতার হন ।


























