বিএনপি সংলাপের পরিবেশ নষ্ট করেছে : ওবায়দুল কাদের
০৬ নভেম্বর ২০১৫, ০৯:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক :: বর্তমান সময়ে এ দেশে সংলাপের কোন পরিবেশ নেই, বিএনপি সেই পরিবেশ নষ্ট করেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ডিআরইউর সদস্য লেখক সম্মননা ২০১৫’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া শব্দবোমা নিক্ষেপ ও ঢিল ছুঁড়ে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে চাচ্ছেন। বিদেশে থেকে ঢিল ছুঁড়ে বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্থান বানানোর ষড়যন্ত্র বন্ধ করুন। কারণ শব্দ বোমা ও ঢিল ছুঁড়ে বাংলাদেশে সরকার পরিবর্তন সম্ভব নয়।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সংলাপে বসতে চাইলে আপনাদের আগে শক্তি, সামর্থ ও সাহস আছে কি না তা প্রমাণ করতে হবে। কারণ আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না। সুতরাং আপনারা যদি ৬৯ কিংবা ৯০ সালের মত আন্দোলন করতেন তাহলে সংলাপে বসার কথা ভাবতো সরকার। কিন্তু বিএনপি সেই যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ২২ জন লেখক, কবি ও সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।


























