শেষ রক্তবিন্দু দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনব : ফখরুল
০১ নভেম্বর ২০১৬, ০২:৫৯ এএম
গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নয়, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণতন্ত্রের চলমান সংকটে মাঠে নামতে হবে তরুণ প্রজন্মকে।
ভাষাসৈনিক অলি আহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, শুধু বাংলাদেশ নয়, নষ্ট সময় পার করছে গোটা বিশ্বই। বাংলাদেশে এখন গণতন্ত্র বলে কিছু নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, অধিকার আদায়ের আন্দোলনের পথ দেখিয়ে গেছেন অলি আহাদের মতো ভাষাসৈনিকরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এটুকু আপনাদের খুব স্পষ্ট করে বলতে পারি, আমরা কখনোই কোনো অবস্থাতেই কোনো রকমের কম্প্রোমাইজ করব না আমাদের এই অধিকার আদায়ের প্রশ্নে। আমরা লড়াই করেছি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীন করে এনেছি। গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, অর্জন করেছি। সেই গণতন্ত্র হারিয়ে গেছে, নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে। সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। প্রয়োজনে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসব।’
সরকার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ জন্য তিনি প্রতিবাদী হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে তরুণদের শুধু আত্মকেন্দ্রিক হলে চলবে না। তার ক্যারিয়ার, তার ভবিষ্যৎ, সুখী জীবন, ভালো জীবন ভাবলে চলবে না। সাথে সাথে এই দেশকে দেখতে হবে। দেশের মানুষকে দেখতে হবে। আজকে যে উন্নয়নের ঢাক-ঢোল বাজানো হচ্ছে, কখনো কি গভীরে গিয়ে দেখেছেন এই উন্নয়নটা কার? কখনো কি ভেবে দেখেছেন যে প্রবৃদ্ধিটা হচ্ছে এই প্রবৃদ্ধি কার প্রবৃদ্ধি। তরুণরা এগিয়ে আসুন। সত্যিকার অর্থে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা এগিয়ে আসুন। যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হোন। অন্যথায় আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অতীত শাসনকালকেও হার মানিয়েছে বর্তমানের শাসন।


























