২৬ নভেম্বর সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিল জামায়াত
২৫ নভেম্বর ২০১৫, ০৬:১৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সরকারের বিরুদ্ধে দলীয় নেতাদের হত্যা, গুম এবং গ্রেপ্তারের অভিযোগ এনে আগামীকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও সারা দেশে নেতা-কর্মীদের হত্যা, গুম এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
গতকাল যশোরের আসিফ ভিলা নামের একটি ছাত্রাবাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা ও এম এম কলেজের ছাত্র হাবিবুল্লাহ ও কামরুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ছাত্রশিবিরের নেতা আল-মামুনকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।
বিবৃতিতে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করছে এবং ঠাণ্ডা মাথায় সারাদেশে নেতা-কর্মীদের হত্যা, গুম ও অন্যায়ভাবে গ্রেপ্তার অভিযান চালিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের জেলখানায় পাঠাচ্ছে। সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।


























