দেশে ন্যায়বিচারের পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে আসছে-রিজভী
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ন্যায়বিচারের পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে আসছে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, এদেশে অপরাধ আর শাস্তি নির্ধারিত হয় বিরোধী দলের তৎপরতার হ্রাস বৃদ্ধির ওপর। যেদেশে আইন, বিচার, প্রশাসনের গলায় দড়ি দিয়ে বেঁধে গোড়াটা ধরে রাখে নির্বাহী বিভাগ, সেদেশে মানুষের স্বাধীনতার অধিকারটা যে একটা রূপকথা তা বলার অপেক্ষা রাখেনা।
দেশের শাসন ব্যবস্থাকে অদ্ভূত প্যারাডক্স আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, নির্ভিক সত্য প্রকাশ এবং ব্যক্তিগত সততা’র দৃঢ়চেতা মানুষ 'আমার দেশ পত্রিকা’ সম্পাদক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন ধরে কারাযন্ত্রণা ভোগ করতে হয়। আর আন্তর্জাতিকভাবে খেতাবপ্রাপ্ত দুর্নীতিবাজরা দেশপ্রেমিকের উপাধি পান, কিংবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
সরকারকে ‘নব্য বাকশালী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, এই হার্মাদ বাহিনীর অত্যাচারের জবাব ভোটারবিহীন শাসকরা কড়াকণ্ডায় যথাসময়েই পেয়ে যাবে।
তিনি অভিযোগ করে বলেন, ভোটারবিহীন দখলবাজ সরকার ভোট, নির্বাচন ত্যাজ্য করে দেয়ার পর এদের মধ্যে হিংস্রতা ও আগ্রাসন এখন ক্রমশ: উর্দ্ধগামী। অপকীর্তির প্রতিবাদ করাকে তারা অপরাধ হিসেবে বিবেচনা করে।


























