দেশে গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে- খালেদা জিয়া
২৯ মে ২০২৫, ০৭:৩২ পিএম
দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
এ সময় আশা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্র দেখা যাবে সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে জিয়াউর রহমানের রাজনীতির শ্রদ্ধা জানাতে হবে।
তিনি বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্রের ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন।
তিনি আরও বলেন, মনে রাখবেন— সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যা সমাধানে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই। তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয়। তাদের কেউ কেউ ফাইল নির্ভর কাজ করছেন। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত তবে সরকার তা উপলব্ধি করতে পারছে না।
তিনি আরও বলেন, সংস্কারে কোনও রাজনৈতিক দলের আপত্তি নাই তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান।




























