শূণ্য আসনে প্রার্থী হবেন মহসিন আলীর স্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৫, ০৫:০৯ পিএম


শূণ্য আসনে প্রার্থী হবেন মহসিন আলীর স্ত্রী

ছবি-সংগৃহীত

সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হবেন তাঁর স্ত্রী সায়রা মহসীন। তার মেয়ে সৈয়দা সানজিদা শরমিন এ কথা জানিয়েছেন ।

সানজিদা শরমিন বলেন, আব্বার মৌলভীবাজারকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো। কিন্তু তাঁর স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এই স্বপ্নগুলো পূরণের জন্য আমরা চাচ্ছি এই আসনে আম্মা যেনো প্রার্থী হন। আমরা তাঁকে এ কথা জানিয়েছিও। দলীয় নেতাকর্মীরাও চাচ্ছেন আমার আম্মা প্রার্থী হোক। কিন্তু আব্বার মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত থাকায় আম্মা এখনো এ ব্যাপারে কিছু বলেননি। আশা করছি, দু’একদিন পর তিনি সম্মতি জানাবেন।

ইতোমধ্যে অত্র আসনে সায়রা মহসীনের পক্ষে প্রচারণা শুরু করেছেন তাঁর সমর্থকরা। এমনকি ফেসবুকে সায়রা মহসীনকে এমপি হিসেবে দেখতে চাই নামে খোলা হয়েছে একটি পেজ। ফেসবুকে পেজ খোলা সম্পর্কে সানজিদা শরমিন বলেন, এটি দলীয় নেতাকর্মী ও আব্বার অনুসারীরাই খুলেছেন। মহসীন কন্যা আরও বলেন, আব্বা বেঁচে থাকতে আমাদের বাসার দরজা যেমন সকলের জন্য খোলা ছিলো, এখনও সব মানুষের জন্য উন্মুক্ত রয়েছে।

সদ্য প্রয়াত সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের পর পর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার তিনি সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মতো বর্ষিয়ান প্রার্থীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। এর আগে মৌলভীবাজার পৌরসভার তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী।

Ads