জাতীয় সম্মেলন পেছানোর ক্ষেত্রে প্রাথমিক সম্মতি দিয়েছেন শেখ হাসিনা
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:২৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আওয়ামী লীগের ঘোষিত জাতীয় সম্মেলন আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হচ্ছে না। সম্মেলনের তারিখ পেছানোর ক্ষেত্রে প্রাথমিক সম্মতি দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের পরিবর্তিত তারিখ নির্ধারিত করা হবে।
শুক্রবার রাতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, বরাবরের মতো শুক্রবারও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে প্রার্থী মনোনয়নে বৈঠকে বসে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। সেখানেই সম্মেলন পেছানোর ব্যাপারে দলীয় সভানেত্রীর সামনে যুক্তি তুলে ধরা হয়। এরপর দলীয় নেতাদের অভিমত শুনে শেখ হাসিনা সম্মেলন পেছানোর ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করেছেন।
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত দলের সর্বশেষ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী ২৮ মার্চ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগ। সে অনুযায়ী সম্মেলন প্রস্তুতি বিষয়ক বিভিন্ন উপকমিটি গঠনও শুরু হয়।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের তিন বছর মেয়াদ পূর্ণ হয়েছে। এর আগে ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


























