খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার মনোনয়ন সংগ্রহ
১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে নির্বাচন অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় জেলা প্রশাসক ও ২৯৮ নং সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।
ওয়াদুদ ভূইয়া দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওয়াদুদ ভূইয়া ১৯৯১ (পঞ্চম) ও ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এছাড়া ২০০২ সালে সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।



























