মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে সিঙ্গাপুরে
১৩ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাঁকে ভর্তি করা হবে।
বিএনপির সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাখছেন বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন।
মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



























