হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

মোঃ আশরাফুল আলম

১৭ মে ২০২৬, ০৮:৪৮ এএম


হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

 

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে বর্তমানে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট চলছে। চার শতাধিক নিষ্পাপ শিশুর এই অকাল মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, এটি স্পষ্টভাবেই দেশের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের চরম ও অমার্জনীয় ব্যর্থতার ফল।

শনিবার রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম এমপি বলেন, সারা দেশে হামের প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মহামারি মোকাবিলায় নিজেদের অক্ষমতা ও ব্যর্থতা ঢাকতে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলতে চাইছে। এই রাজনৈতিক ব্লেম-গেম বন্ধ হওয়া দরকার। সরকার কেবল কথার ফুলঝুরি না ছড়িয়ে যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি ছিল, তবে তাও তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনুক। কিন্তু দায় এড়ানোর এই সংস্কৃতিতে শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশে অনতিবিলম্বে 'মেডিকেল ইমার্জেন্সি' বা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি মাঠপর্যায়ে দ্রুত শতভাগ টিকাদান নিশ্চিত করা এবং প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) ও হামের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড চালুর জোরালো দাবি জানান। একই সাথে তিনি প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে জরুরি মেডিকেল টিম পাঠানোর তাগিদ দেন, যাতে কোনো শিশুই বিনা চিকিৎসায় মারা না যায়।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে দেশের প্রতিটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিনের আওতায় আনা এবং চিকিৎসার যাবতীয় ব্যয় সরকারকে বহন করার আহ্বান জানান।

Ads