মির্জা ফখরুলের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেছে আপিল বিভাগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৫০ পিএম


মির্জা ফখরুলের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেছে আপিল বিভাগ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিচার বিভাগ নিয়ে মন্তব্যের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামা আকারে দেওয়া ব্যাখ্যা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

তিনি বলেছিলেন, গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।

এরপর মির্জা ফখরুলের কাছে গত ১৮ ফেব্রুয়ারি ব্যাখ্যা চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ২২ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে এ ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়।

কিন্তু ২২ ফেব্রুয়ারি আইনজীবীরা ব্যাখ্যা দাখিল করতে গেলে আদালত মির্জা ফখরুলের স্বাক্ষরিত হলফনামা চান। ওই দিন বিকাল তিনটার দিকে মির্জা ফখরুল সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে হলফনামা করেন। পরে ২৯ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের দিন ধার্য করেন আদালত।

Ads