আ’লীগ-বিএনপি এক থাকলে কেউ ক্ষমতায় আসতে পারবে না
০২ মার্চ ২০১৬, ০৫:৫৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেনের কুশিলবদের ইঙ্গিত করে বলেছেন, কিসের ভয়? আওয়ামী লীগ-বিএনপি এক থাকলে অন্য কেউ ক্ষমতা কেরে নিতে পারবে না। আমাদেরকেও কোন অভিযোগে জেলে নিতে পারবে না।
গত মঙ্গলবার ১ মার্চ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি কর্মীদের পরিবারের বিগত আন্দোলনে নিহত ও আহতদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
খালেদা জিয়া বলেন, আমরা যদি এক সঙ্গে থাকতাম, তাহলে কিচ্ছু করার সাহস তাদের ওয়ান ইলেভেনের কুশিলব ছিল না।
যদি দেশে গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ বিএনপিসহ মেজর পার্টিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কেউ এসে ক্ষমতা নিয়ে যাবে, আমাদের জেলে পুরে দেবে, তা পারবে না-বলেন তিনি।
কিসের জন্য ভয়, ক্ষমতায় যেতে হবে, তাই তাদের সঙ্গে আতাত করতে হবে?-প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন বলেন, ওয়ান ইলেভেন নিয়ে উনি প্রধানমন্ত্রী নিজেই কথা উঠিয়েছেন। কিন্তু তিনিই তো তাদের কাছে শপথ নিলেন, মিডিয়ার সামনে বললেন, ওয়ান ইলেভেন আমাদের আন্দোলনের ফসল। তিনি তো এর দায় অস্বীকার করতে পারেন না।
আওয়ামী লীগ সংবিধান মানে না অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, প্রধান বিচারপতি বলেছেন, অবসরে যাওয়ার পরে আর রায় লেখার কোনো সুযোগ থাকে না। সুতরাং বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগে যে রায়টা দিয়েছেন, সেটি ঠিক রায়। ওই রায়ে বলেছিলেন, আরো দু’টি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হতে পারে। আমাদের দাবি সেখানেই, আরো দুটি টার্ম তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। কাজেই আরেকটি ইলেকশন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।
সেখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে। সব দল অংশ গ্রহণ করবে। জনগণ বিচার করবে, কে ভালো, কে মন্দ-বলেন খালেদা জিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন।


























