সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ক্যাম্পবাসীর আবাসন ব্যবস্থা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১০:১২ পিএম


সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ক্যাম্পবাসীর আবাসন ব্যবস্থা

নীলফামারীর সৈয়দপুর শহরের ১১ নং ওয়ার্ডে শহীদ জহুরুল হক সড়কস্থ উর্দূভাষীদের ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৮টি পরিবারের জন্য আবাসন নির্মাণ করে দেয়ার উদ্যোগ নিয়েছে সৈয়দপুর পৌরসভা। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও উপজেলা পরিষদের সহযোগিতায় গৃহিত এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য টিনসেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ উদ্যোগের উদ্বোধন করা হয় ওই ক্যাম্পে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার।

নির্মাণ কাজের উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু হাসনাত সরকার, পৌরসভার ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মিনারা বেগম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর অপূর্ব শাহ, অফিসার (ইন্ট্রাক্টারাল) মোঃ হাফিজুর রহমান, ট্রেইনার সালমা আজাদ, কমিউনিটি আর্কিটেক রাশিদুল হাসান রাজু, মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার সুভেন মন্ডল।

উদ্বোধনকালে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, আপনাদের আগুনে পুড়ে গিয়ে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পুষিয়ে দেয়ার আমাদের কোন সামর্থ নেই। সাধ্যমত আপনাদের মাথা গুজার জন্য ঠাঁই করে দিতে পারবো। সুখের দিনে আপনাদের পাশে থাকতে পারি বা না পারি দুঃখ বা বিপদের দিনে অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ঘরের ব্যবস্থা করে দিবো।

 

Ads