পীরগঞ্জে পলিথিনের অবাধ ব্যবহার
২১ জানুয়ারি ২০২০, ০৯:৪০ পিএম
ছবি-সংগৃহীত
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বেড়েছে পলিথিন এর অবাধ ব্যবহার। বিশেষ করে বাজারের দোকানগুলোতে এর বিকল্প যেন কিছু নেই। শাকসবজি কাঁচাবাজার ও ফলমুল থেকে শুরু করে মাছ, মাংস, ডিম এমনকি তৈল পর্যন্ত বিক্রির কাজে ব্যবাহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এতে রাস্তাঘাট ও চারদিকে এসব পলিথিনে বাজার সয়লাব।
পলিথিন ব্যবহার যে নিষিদ্ধ তা ভুলে গেছে ব্যবসায়ীরা । আইনকে তোয়াক্কা না করেই দেদারসে বাজারজাত করছে পলিথিন। দীর্ঘদিন কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হওয়ায় এর নিষেধাজ্ঞা আঁচ করতে পারছে না কেউ।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র মতে ফসলের জমিতে পলিথিন থাকলে মাটির স্বাভাবিক উর্বরতা কমিয়ে দেয় এবং পরবর্তী সময়ে উর্বরতা বৃদ্ধি করতে বাঁধা প্রদান করে। চিকিৎসকরা বলছেন বড় রকমের রোগের প্রকোপ সৃষ্টি হয় পলিথিনের মধ্যে খাদ্য ও খরচ বহনের ক্ষেত্রে। এসব ক্ষতিকর দিক থেকে উত্তোরণের জন্য দেশিয় তৈরী পাট পণ্য ব্যাগ ব্যবহার করা উচিত।
২১ তারিখ মঙ্গলবার সরেজমিনে পীরগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাট এর ব্যাগসহ অন্যান্য ব্যাগ উৎপন্ন সরবরাহ খুবই কম। প্রতিটি দোকানে পলিথিন এর ব্যাগ আছে কিন্তু প্রতিটি দোকানে নেই পাটের বা অন্যান্য ব্যাগ। তাছাড়া পাট পণ্য বাজারে সরবরাহ বাধ্য বাধকতার আইন প্রয়োগ এ উপজেলায় দেখা মিলছেনা।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম জানান, শিঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দোকানগুলোতে অভিযান পরিচালনার মাধ্যমে পলিথিনের ব্যবহার থেকে সরে আসতে বলা হবে।

































