ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে উপদেষ্টা শারমীন’র শোক

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম


ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে উপদেষ্টা শারমীন’র শোক


ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।  

ভাষাসৈনিক আহমদ রফিক গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০.১২টায় রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর

শোকবার্তায় মাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্যসাধারণ কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রতত্ত্বচর্চার দিশারী। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চার ক্ষেত্রে তাঁর অবদান দুই বাংলায় সমানভাবে শ্রদ্ধার আসন পেয়েছে। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দিয়ে সম্মানিত করেছে, যা তাঁর বিদগ্ধতার স্বীকৃতি।”

ভাষাসংগ্রামী, গবেষক ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উপদেষ্টা আরো বলেন, ভাষা আন্দোলনের একজন অগ্রণী সংগ্রামী হিসেবে আহমদ রফিক আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি সমাজচিন্তায়, সাহিত্য  ও  সংস্কৃতিতে তাঁর অবদান ছিল অনন্য। তিনি আজীবন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতির পক্ষে কলম চালিয়েছেন এবং প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আহমদ রফিকের প্রয়াণে জাতি এক সত্যিকারের জ্ঞানী মানুষকে হারাল। তবে তাঁর চিন্তা, কর্ম  এবং আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা জোগাবে।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Ads