নোয়াখালীতে নকল ক্যাবল কারখানা! আটক-৪

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ০৬:২৫ পিএম


নোয়াখালীতে নকল ক্যাবল কারখানা! আটক-৪

নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে চার জনের কারাদন্ড।

নকল বিআরবি ও বিজলী বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে চার কারখানা মালিককে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৪৬৩ কেজি নকল বিআরবি ও বিজলী ক্যাবল। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ষোল হাজার টাকা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সুধারাম থানাসহ বিভিন্ন এলাকায় নকল ক্যাবল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করে র‌্যাব-১১। পরে নোয়াখালী জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, আমান ইলেকট্রনিক এর মালিক আমান উল্লাহ আমানকে (২০) ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এছাড়াও নোয়াখালী ইলেকট্রিক এর স্বত্তাধিকারী মোঃ শামছুল আরেফিন (২৭), বিনিময় ইলেকট্রিক এর মোঃ মোশারফ হোসেন (৩৭) ও আব্দুল্লাহ ইলেট্রিক এর মোঃ ইউসুফ দুলাল (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, দীর্ঘদিন থেকে নোয়াখালীতে কারখানা খুলে নকল বিআরবি ও বিজলী বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন ও বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাব অভিযান চালিয়ে হাতেনাতে চার কারখানার মালিককে আটক করে। এসময় উদ্ধার করা হয় ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের নকল ক্যাবল। পরে ভ্রাম্যমান আদালতে কারদণ্ডের পর তাদের নোয়াখালী কারাগারে পাঠানো হয়।

Ads