গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জন জীবিত উদ্ধার
০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ডেগির চালা এলাকার ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। সদস্যরা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত ও নিরাপদে ভবন থেকে নিচে নামিয়ে আনা হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে।






























