লক্ষীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য চিকিৎসা উপকরণ হস্তান্তর
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM)। আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আকাশ চৌধুরী।
এ সময় সিনিয়র স্টাফ নার্স মো. আবু তাহের রানা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী স্বহৃদ চাকমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. মো. নাসির উল্লাহ চৌধুরী বলেন, লক্ষীছড়ির মতো দুর্গম এলাকায় অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্যাম ইউনিটে হস্তান্তর করা উপকরণগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ দেওয়ায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যাম ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

































