তথ্য অধিকার আইনে জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে হবে: আনোয়ার সাদাত

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম


তথ্য অধিকার আইনে জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে হবে: আনোয়ার সাদাত

খাগড়াছড়িতে‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন একটি আইনি অধিকার। যে তথ্য আইন অনুযায়ী দেওয়া সম্ভব, তা জনগণকে দিতে হবে। আবার আইনগত কারণে কোনো তথ্য দেওয়া সম্ভব না হলে, তার কারণও স্পষ্টভাবে জানাতে হবে। জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে গিয়ে যেন হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর সংশ্লিষ্টদের ধারণা ও সচেতনতা বাড়াতে হবে। তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আইন সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

সভায় সঞ্চালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। দিবসটি উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও ব্র‍্যাকের জেলা সমন্বয়ক আবদুস সালাম।

Ads