প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

মুহাম্মদ ইসমাইল হাসান

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম


প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের (ডিডি-এলজি) নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হয়েছে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো হবে। এসব ভবনে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।

তিনি বিদ্যুৎ উৎপাদনকে শুধু ব্যয় হিসেবে না দেখে অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসায়িক সুযোগ হিসেবেও বিবেচনার কথা বলেন। একই সঙ্গে সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। ওই কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

সভায় নেট মিটারিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। মীর শাহে আলম উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নেট মিটারিং-সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন।

এদিকে দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য ইউএনওদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের তদারকির কথা উল্লেখ করেন তিনি।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী। নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

Ads