যুক্তরাষ্ট্রকে ‘ধর্ষণ’ করছে চীন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে ২০১৬, ০৭:০৭ পিএম


যুক্তরাষ্ট্রকে ‘ধর্ষণ’ করছে চীন : ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক :: রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রকে ক্রমাগত ধর্ষণ করছে চীন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রোববার এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে চীনের বাণিজ্য নীতিরও কড়া সমালোচনা করেন তিনি।

বৈশ্বিকভাবে রফতানি প্রতিযোগিতা বাড়াতে চীন নিজেদের মুদ্রাকে ম্যানিপুলেটিং (মুদ্রার ক্রয় সক্ষমতা খাটো করে দেখানো) করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প। বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় চুরির জন্যও চীনকে দায়ী করেন তিনি।

চীনের এই নীতি মার্কিন ব্যবসায়ী ও কর্মীদের ক্ষতি করছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমি চীনকে আমার দেশ ধর্ষণের অনুমতি দেব না, যেটা এখন আমরা করতে দিচ্ছি।’

মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা এ মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী আরো বলেন, আমরা এ অবস্থার পরিবর্তন করতে যাচ্ছি। পরিবর্তন করার কার্ড আমাদের রয়েছে, এটা ভুলে যাওয়া ঠিক নয়।

নির্বাচনী ইশতেহারেও বলা হয়েছে, মার্কিন ব্যবসায়ী ও এর সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার জন্য ট্রাম্প ক্ষমতায় গেলে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি ছিন্ন করবে।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই চীনের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করে আসছেন ট্রাম্প। তবে ‘ধর্ষণ’ শব্দটি এ প্রথম ব্যবহার করলেন তিনি।

বিতর্কিত মন্তব্য করার জন্য ট্রাম্প বেশ আলোচিত ও সমালোচিত। মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিশ্ববাসীর তোপের মুখেও পড়েন তিনি।

খবর বিবিসির।

Ads