ইসলামপুরে সাংবাদিক পরিবারের উপর ভুমিদস্যুদের সন্ত্রাসী হামলা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৮:৪৪ পিএম


ইসলামপুরে সাংবাদিক পরিবারের উপর ভুমিদস্যুদের সন্ত্রাসী হামলা

জামালপুর ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় গত শুক্রবার বিকালে সাংবাদিক মশিউর রহমান টুটুলের নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা করেছে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও স্থানীয় ভুমিদস্যুর লালিত সন্ত্রাসীরা। একটি জাতীয় পত্রিকায় মাদক ও ভুমিদস্যুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা সাংবাদিক পরিবারের ৬ শতাংশ ভুমি জবরদখল ও সাংবাদিক পরিবারের উপর মিথ্যা মামলাও দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বেপাড়ী পাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মোবারক আলী সরকার মির্জার পুত্র ইসলামপুরের বিশিষ্ট ফটো সাংবাদিক মশিউর রহমান টুটুল। তারই সহোদর ভাই মোরশেদুর রহমান,মাহবুবুর রশিদ মিষ্টার, মোরাদুজ্জামান ও মাসুদুর রহমান নিজ এলাকায় অত্যান্ত সহজ সরল মানুষ হিসাবেই পরিচিত। স্বাধীনতার পূর্ব থেকেই তারা একত্রে বেনুয়ারচর বাজার সংলগ্ন পৈতৃক বসত ভিটায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এদিকে এই সাংবাদিক পরিবারের নিজবাড়ি সংলগ্ন পৈতৃক সম্পত্তির ৬ শতাংশ ভুমি দীর্ঘদিন যাবত জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল বেনুয়ারচর মধ্যপাড়া গ্রামের চিহ্নিত দালাল ও ভুমিদস্যু সুরুজ্জামান টুক্কুরু। এনিয়ে সাংবাদিক মশিউর রহমান টুটুল গংদের সাথে ভুমিদস্যু সুরুজ্জামান টুক্কুরু দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল।

অভিযোগে আরো জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক প্রতিদিনের চিত্র” পত্রিকায় “ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নে মাদকের আখরা” শিরোনামে সম্প্রতি স্থানীয় মাদক ব্যবসায়ী ও ভুমিদস্যুদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেছেন সাংবাদিক মশিউর রহমান টুটুল। এতে স্থানীয় মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ীর মদদ দাতারা ওই সাংবাদিকের উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠে। এরই জেরধরে ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শাহজাহান এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহাম্মেদ ও ভুমিদস্যু সুরুজ্জামান টুক্কুরু লালিত সন্ত্রাসীরা গত শুক্রবার বিকালে সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলায় সাংবাদিক মশিউর রহমান টুটুলসহ তার পরিবারের ৫জন নারী পুরুষসহ অন্তত: ৭জন আহত হয়েছেন। ওই সময় ভুমিদস্যু সুরুজ্জামান টুক্কুরু ও তার সহযোগীরা প্রতিপক্ষ মশিউর রহমান টুটুলদের দীর্ঘদিনের ভোগ দখলীয় পৈতৃক সম্পত্তির ৮শতাংশ ভুমির উপর জোরপূর্বক একটি চালাঘর তুলে এবং সুরুজ্জামান টুক্কুরু ইসলামপুর থানা গিয়ে সাংবাদিক টুটুল গংদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করেন।

এদিকে এলাকার চিহ্নিত ভুমিদস্যু সুরুজ্জাামানের সাথে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা যোগসাজশে একটি সাংবাদিক পরিবারের উপর হামলা, তাদের ভুমি জবর দখল ও সাংবাদিক পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় এলাকার শাান্তিপ্রিয় সচেতন মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

Ads