বকশিগঞ্জে ৩ লাখ টাকার খামার পৌঁছেছে ২০ লাখ টাকায়!
১৬ নভেম্বর ২০১৯, ০৮:৫১ পিএম
৩ লাখ টাকায় শুরু করা গরুর খামার ৩ বছরে পৌছেছে ২০ লাখ টাকায়। এ খাতে আরও লাখ দশেক টাকা বিনিয়োগ করা গেলে এ খামার আরও সম্প্রসারিত হতো, লাভের পরিমাণ বাড়ত বলে বিশ্বাস খামারীর।
জেলার বকশিগঞ্জ উপজেলার মাদারের চরের রাসেল ডেইরী ফার্মের মালিক, রাজ মামুন, নিজের খামারের লাভ লোকসানের কথা বলতে গিয়ে উপরের কথাগুলো বলেছেন।
জানা যায়, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের মরহুম ইন্তাজ আলীর ছেলে, কৃষক, রাজ মামুন ২০১৬ সালের শেষের দিকে ৩ লাখ ১৮ হাজার টাকায় ৩টি গাভী কিনে মাদারের চর বাজারের পাশে ২০ কাঠা জায়গায় শুরু করেছিলেন রাসেল ডেইরী ফার্ম। ওই তিনটি গরুর দুধ ও বাছুর লালন পালন করে গত বছর ১০ লাখ বিক্রি করেছেন। এখন তার খামারে ১১টি গরু রয়েছে। তাদের মধ্যে ১টি ষাড়, ৩টি বকন বাকীগুলো গাভী। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা।
এ ব্যাপারে রাজ মামুন বলেন, আমি পেশায় একজন কৃষক। আমার বাবাও ছিলেন কৃষক। তাই গরু লালনে পালনে আমার ছোট থেকেই অভিজ্ঞতা রয়েছে। আমি ক্ষেত খামার ও সাংসারিক কাজ কর্মের ফাঁকে ফাঁকে ফার্ম চালাই। আমার কোনো অসুবিধা হয় না। গরুর রোগ বালাই সম্পর্কেও আমার অভিজ্ঞতা রয়েছে। যেটা না বুঝি সেটার ব্যাপারে স্থানীয় পশু চিকিৎসকের শ্মরণাপন্ন হই। তবে, এখাতে যদি কোনো ব্যাংক আমাকে লাখ দশেক টাকা ঋণ দিত তাহলে আমি আমার এ ডেইরী ফার্মকে আরও সম্প্রাসরণ ও উন্নয়ন করতে পারতাম।
এলাকাবাসী বলেন, রাজ মামুন একজন পরিশ্রমি কৃষক। সে যদি সরকারের তরফ থেকে আরও কোনো সাপোর্ট পায় তাহলে এ খামারের মাধ্যমে নিজের এবং এলাকার উন্নয়ন করতে পারবে।























