অপরাধী যে কেউ হোক, ছাড় দেওয়া হবেনা- এএসপি সুমন মিয়া
৩০ জানুয়ারি ২০২০, ০৪:১৫ পিএম
সচেতনতামূলক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া
জামালপুরের সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া বলেছেন, অপরাধী যে কেউ হোক, সে আইনের হাত থেকে রেহাই পাবেনা। আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীদের ধরিয়ে দিতে অবশ্যই আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।
”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বিকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর বাজার মাঠে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া একথা বলেন।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিগ্রীর চর তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতাকর্মীসহ সুধী মহলের লোকজন।























