জাককানইবি`তে ২০১৯-২০ শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬ এএম


জাককানইবি`তে ২০১৯-২০ শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।


সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এসময় ফুল ছিটিয়ে অতিথিদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অল্পকিছুক্ষণ পরেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরিচিতি পর্ব।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কী জানো তোমাদের জীবনের সবথেকে ভালো সময়টা আজ থেকে শুরু হলো। আজ থেকে তোমরা স্বাধীন। তোমরা নিজেদের মতো পড়তে পারবে, এই সুন্দর ক্যাম্পাসে ঘুরতে পারবে, নাটক নাটিকা গান খেলাধুলা সবই করতে পারবে।এবং তিনি নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে ড. জাফর ইকবাল বলেন, আমার জীবনের সবথেকে সুন্দর সময়টা ছিলো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতাম। কি চমৎকার একটা বিশ্ববিদ্যালয়। এটা সেই জায়গা যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হেটে গিয়েছেন। আমি মঞ্চ থেকে দেখে ভাবছিলাম কাজী নজরুল ইসলাম নিজেই হয়ত এই পথে দিয়ে হেটে  গেছেন। আমি এখন সে পথ দিয়ে হাটছি। ভাবতে পারো এটা কত বড় সৌভাগ্য।

এসময় শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, আমরা প্রযুক্তিকে ব্যবহার করবো; প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে।

নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাস প্রাঙ্গণে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আজকের অসাধারণ প্রোগ্রাম হয়ে গেছে। এটা আমার এই ক্যাম্পাসে তৃতীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কিন্তু এবারের ওরিয়েন্টেশন সত্যিই অতুলনীয় অসাধারন ও ব্যতিক্রমী। কারন জাফর ইকবাল স্যার আমাদের মাঝে এসেছেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বিশাল ভর্তিযুদ্ধের মধ্যদিয়ে আপনারা এখানে ভর্তি হতে পেরেছেন, আপনারা মহান প্রতিষ্ঠান জাতীয় কবি নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আপনাদের অভিনন্দন জানাই।তিনি আরো বলেন, আজকে থেকে এই সুন্দর পৃথিবীর একজন ভিন্ন মানুষ আপনারা হয়ে গেলেন। যে মানুষটি এই পৃথিবীর অন্যান্য মানুষের থেকে পৃথক। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য সবার হয় না, যেমন সকল নদী সাগরে মিশতে পারে না। সাগরের সঙ্গম হয় না যে নদীর ভাগ্যে সে নদীর নদীজীবন ব্যর্থ। আমি মনে করি ছাত্রজীবনের পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তার অনেক কষ্ট। এসময় উপাচার্য শিক্ষার্থীদের মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে মহান ভাষা শহীদদের উদ্দেশে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর,এসময় আরোও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো.নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো.রাকিবুল হাসান রাকিব। উপস্থাপনা করেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য নবীন শিক্ষার্থীদের জন্য একটি নতুন বাসের চাবি পরিবহন প্রশাসক এমদাদুর রাশেদ-এর নিকট হস্তান্তর করেন।  দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, অনুষ্ঠানে অংশ নিতে শীতের সকালের হিমেল বাতাস উপেক্ষা করে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নবীন শিক্ষার্থীরা সকাল থেকেই অনুষ্ঠানস্থলে এসে জমায়েত হন। সেখানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন বর্তমান শিক্ষার্থীরা।

Ads