কবরস্থান থেকে যুবতির লাশ চুরির অভিযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১ পিএম


কবরস্থান থেকে যুবতির লাশ চুরির অভিযোগ

ছবি-প্রতিদিনের চিত্র

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে এক যুবতী ও অজ্ঞাত ব্যক্তি সহ ২টি  লাশ চুরির অভিযোগ উঠেছে।
রবিবার  সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খড়মা দাখিল মাদ্রাসার পাশে কবরস্থানে শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। রবিবার সকালে লাশ চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কবরস্থানে ভিড় করতে থাকেন।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, প্রায় ২ মাস পূর্বে খড়মা নয়াপাড়া গ্রামের আমের আলীর মেয়ে আল্পনা আক্তার(১৬) শাশকষ্টের কারণে মারা যায়। তাকে দাখিল মাদ্রাসার পাশে এই কবরস্থানে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর ২ মাস পর আজ সকালে আমরা কবরটি খনন অবস্থায় দেখতে পাই। পরে জানাজানি হলে স্বজনরা ওই কবরের ভিতরে লাশের সন্ধান করে কোনো অস্তিত্ব না পেয়ে আমরা নিশ্চিত হই, লাশটি চুরি হয়ে গেছে। অন্যদিকে ওই কবরস্থানের পাশেই আরেকটি কবর খনন অবস্থায় দেখতে পাই আমরা এবং সেটিতেও লাশ পাওয়া যায়নি। এই কবরস্থান থেকে ২টি কবর খনন করে ২টি লাশ নিয়ে গেছে দুর্বৃত্তরা ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হাই খান ও দাখিল মাদ্রাসার সুপার এইচ এ এম আবুল হাসেম বলেন, আমরা সকালে মাদ্রাসায় আসার পর এ অবস্থায় দেখে প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখি, কবর দুটির ভিতরে লাশ নেই।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সামিউল হক বলেন, লাশ চুরির ঘটনাটি দুঃখজনক। আমি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পুলিশে খবর দেয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ সেখানে গিয়েছিলো, কবর দুটি পুরাতন হওয়ায় আমরা নিশ্চিত হতে পারছিনা, লাশ ভিতরে আছে কি নেই।

Ads