গফরগাঁওয়ে ট্রেনের সাথে নছিমনের সংঘর্ষ, আহত ৫
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুমোদনহীন রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনের সাথে পণ্যবাহী নছিমনের সংঘর্ষ হয়। এতে পাঁচজন ট্রেন যাত্রী আহত হওয়া ছাড়াও নছিমনটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেন যাত্রা বিঘ্নিত হয়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলা ১১টায় উপজেলার শহীদ নগর রেলক্রসিংয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের শহীদ নগর এলাকায় অনুমোদনহীন রেলক্রসিংয়ে পণ্য ও যাত্রীবাহী একটি নছিমন পার হওয়ার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনটি আসতে দেখে নছিমন চালকসহ যাত্রীরা লাইনের ওপর নছিমনটি ফেলে চলে যায়।
পরে ট্রেনের ধাক্কায় নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনের হাওয়ার পাইপটি ছিড়ে ট্রেন থেমে যায় এবং ট্রেনের পাঁচ যাত্রী সামান্য আহত হন। প্রায় ২০মিনিট চেষ্টার পর হাওয়ার পাইপটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় যুবক রাকিব হাসান বলেন, নছিমনের চালক ও যাত্রীরা ট্রেন আসতে দেখে দ্রুত সরে না গেলে সকলেই মারা যেত।
পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী বলেন, বড় একটি দুর্ঘটনার হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন।
























