দুর্গাপুর বাজারে আগুন, ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে
০৪ মার্চ ২০২০, ০৬:২২ পিএম
ছবি - সংগৃহীত
নেত্রকোণার দুগার্পুর পৌর শহরের মধ্যবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকান ঘর ভষ্মিভূতের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ১২টার দিকে আকষ্মিকভাবে আগুনে সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আশে পাশের বাড়ি ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কাপড়ের দোকান, গার্মেন্টস, ভ্যারাইটিজ ষ্টোর সহ ৯টি দোকান আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: বিপ্লব কুমার সাহার অপুর্ব ফ্যাশন, স্বপন কুমার সাহার আপন মনি স্টোর, অনুজ সাহার সৌখিন গার্মেন্টস, ধ্রুব সাহার আদর্শ বস্ত্রালয়, আজিজুল ইসলামের লাকি গার্মেন্টস, সুকুমার সাহার সাহা বস্ত্রালয়, আক্তার হোসেন এর আপন মনি স্টোর, বাহার মিয়ার মালের গোডাউন ও শহিদুল ইসলামের হাসান বন্ত্রালয়।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ক্ষতিগ্রস্ত আশেপাশের লোকজন ছুটে আসে। তবে শত চেষ্টা করেও এলাকাবাসী ও ব্যবসায়ীরা তাদের দোকানপাট আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। অনেক ব্যবসায়ী তাদের পরিবারের লোকজনকে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসকে আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেয়া হলেও অনেক দেরিতে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কার্যক্রম শুরু করার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে ভোর ৪টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের সঠিক কোন কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।























