সন্ত্রাসী হামলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
০২ মে ২০২০, ০১:৩৬ এএম
ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলামকে (২৪) সন্ত্রাসী হামলায় হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২টার দিকে ময়মনসিংহ শহরের সাংকিপাড়া এলাকায় (৩-৪) জনের সন্ত্রাসীদের একটি দল তৌহিদুলের মেসে এসে তাকে মারধরের করে এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।
জানা যায়, সন্ত্রাসীদের সাথে তৌহিদুলের ধস্তাধস্তির আওয়াজ পেয়ে মেস মালিক এগিয়ে আসে এবং মেস মালিকের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহত তৌহিদুলকে মেস মালিক পুলিশের সহায়তায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৩:৩০ মিনিট তৌহিদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তৌহিদুল ইসলাম নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের মোঃ সাইফুল ইসলানের পুত্র। তিনি (তৌহিদুল ইসলাম) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৭ম ব্যাচের একজন শিক্ষার্থী।
এ বিষয়ে তৌহিদুলের ফুফাতো ভাই সাদ্দাম হোসাইন বলেন, তৌহিদুল সাংকিপাড়া যে বাসায় থাকত সে বাসায় ঘটনা ঘটছে। কি কারণে এমন হল তা বুঝতে পারছি না। অতি সত্তর ময়মনসিংহ কোতোয়ালী থানায় আমার মামা (তৌহিদুলের বাবা) মামলা করবে। আমরা সবাই এই হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন গনমাধ্যমে জানান, ময়মনসিংহ নগরের একটি মেসে ঢুকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তৌহিদুল উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে, নাকি চুরি করার জন্য সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হত্যাকারীকে শনাক্ত ও আটক করতে কাজ করছে।
এ বিষয়ে জাককানইবি প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
























