নেত্রকোনার কলমাকান্দায় রুসু ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
০১ জুলাই ২০২০, ০৭:৪৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
নেত্রকোণার কলমাকান্দায় পাচগাঁও (এলজিইডি) সড়কের নলাপাড়ার রুসু ব্রিজের এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধসে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে নারী, শিশু ও বৃদ্ধসহ চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে সরেজমিন ঘুরে দেখা গেছে গত কয়েক দিনে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢলে উপজেলার সীমান্তবর্তী পাচগাঁও সড়কের নলাপাড়ার রসু নামক স্থানে রুসু ব্রিজের দু’পাশের এপ্রোচ সংযোগ সড়ক মাটি ধসে বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে করে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। যাতায়াতে অসুবিধার সম্ম‚খীন হয়ে পড়েন জনসাধারণ। প্রতি বছর বর্ষায় ওই এপ্রোচ সংযোগ সড়কের মাটি ধস পড়ে।
জরুরি ভিত্তিতে এপ্রোচ সংযোগ সড়কের দ্রুত মাটি ভরাট করে জনদুর্ভোগ লাঘবে জন্য জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, ওই এপ্রোচ সংযোগ সড়কের মাটি যাতে আর ধসে না পড়ে ইতিমধ্যেই টেকসই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
























