নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৭ পিএম
ছবি- সংগৃহীত।
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাছবাহী একটি পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানে থাকা রনি মিয়া (২০), তোফাজ্জল হোসেন (১৪) ও আবু (২২)। নিহতদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা।
এ ছাড়া অহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক শফিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে সুনামগঞ্জ থেকে একটি মাছবাহী পিকআপ ভ্যান ঢাকার গাজীপুরে যাচ্ছিল। পথে নেত্রকোনার বাগরা এলাকায় পৌঁছালেই সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায় পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই পিআপভ্যানে থাকা দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৩ জন।
























