শেষ হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ আগস্ট ২০২২, ০৯:০০ পিএম


শেষ হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছপদ্ধতিতে সি-ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫ শত ০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন মাত্র ৯৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৪ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ ভবনের মোট ২৫ টি কক্ষে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা আয়োজনের মধ্যদিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রমের সমাপ্তি হলো।

 

ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মো: সুজন আলী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ জোবায়ের হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, "কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমাদের যারা এই পরীক্ষা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা দিন রাত পরিশ্রম করে এটি আয়োজন করেছেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব্ পালন করেছেন। পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক তারাও সহযোগিতা করেছেন। স্থানীয় জনগণ, ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠনগুলো, বাংলাদেশ ছাত্রলীগ নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ও গণমাধ্যমকর্মীসহ সর্বোপরি আমরা নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার সবার সহযোগিতা পেয়েছি।"

 

তিনি আরো বলেন, "প্রতিটি কক্ষে পরীক্ষার্থীদের উপস্থিতির মাত্রা ছিল লক্ষণীয়। তাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে লেখা পড়ার প্রতি ছাত্রসমাজের অনেক আগ্রহ। লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।"

 

পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের কাজ দেখে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ও পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য যে, গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) -এ প্রকাশ করা হবে।

Ads