যেহেতু বাইরে খেলতে যাবো বাছাই প্রক্রিয়ায় আরো স্বচ্ছতার দরকার ছিল- ট্রেইনার
১৩ নভেম্বর ২০২২, ০৩:২৪ পিএম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর গ্রুপ পর্বের দুইটি ম্যাচেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শোচনীয়ভাবে হেরেছে। তবে এই হারের পর আলোচনায় উঠে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফুটবল দলে খেলোয়াড় নির্বাচনে ‘স্বজনপ্রীতি ও অবহেলা’।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে এই টুর্নামেন্টটি। এতে নজরুল বিশ্ববিদ্যালয়ের দলটি গ্রুপ পর্বের প্রথম দুইটি খেলায় (ঢাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৬-০ ব্যবধানে ও দ্বিতীয় খেলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কাছে ২-১ ব্যবধানে হেরেছে।
এই হারের পেছনে সংশ্লিষ্টরা স্বেচ্ছাচারিতা, অবহেলা ও স্বজনপ্রীতি করে খেলোয়াড় নির্বাচন করেছেন বলে অভিযোগ করছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা যায়, এই টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে খেলোয়াড় বাছাইয়ের জন্য আনুমানিক দেড় সপ্তাহের অধিক নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুশীলন হয়েছে৷ এতে সরেজমিনে উপস্থিত থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক সরকার। কিন্তু খেলোয়াড় নির্বাচনে তার মতামতের কোনো গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। তদুপরি অনুশীলনের সময় মাঠে উপস্থিত না থেকেও খেলোয়াড় নির্বাচনে একক আধিপত্য দেখিয়েছেন শারীরিক শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন মণ্ডল।
নিয়মিত অনুশীলন করেও ১৬ সদস্যের দলে জায়গা পাননি বেশ কজন খেলোয়াড়। নাম প্রকাশ না করার শর্তে বঞ্চিত একাধিক খেলোয়াড় বাছাইয়ের সময় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আলিফ তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "কতিপয় কাছের বন্ধু-বান্ধব আর ছোট ভাই বড় ভাই দ্বারা টিম করলে এর থেকে ভালো কিছু আশা করা সম্ভব না।"
বাছাই প্রক্রিয়া নিয়ে সহকারী পরিচালক ও ট্রেইনার পুরোপুরি সন্তুষ্ট নন এবং এবিষয়ে তিনি বলেন, "হার জিত থাকবেই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে যেহেতু বাইরে খেলতে যাবো সেহেতু বাছাই প্রক্রিয়ায় আরো স্বচ্ছতার দরকার ছিলো।"
অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে অনুশীলন মাঠের দূরাবস্থাকে দ্বায়ী করেছেন অতিরিক্ত পরিচালক জিয়াউদ্দিন মণ্ডল। তিনি বলেন, "আমার বাসা তো রাজশাহী। এখানে আমার কোনো আত্নীয় নাই। যারা প্রাকটিসে এসেছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ ভালোটাই বাছাই করেছি।" দলে সুযোগ না পেয়ে কেউ কেউ এমন মিথ্যা অভিযোগ করছে বলেও উল্লেখ করেন তিনি।























