বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁসের আর কোনো সুযোগ নেই- বাকৃবি উপাচার্য
০৬ মে ২০২৩, ০৮:৫৩ পিএম
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আর কোনো সুযোগ নেই। দেশের শিক্ষা মন্ত্রণালয় এবার এ বিষয়টি অত্যন্ত কঠিন হস্তে দমন করার চেষ্টা করে যাচ্ছে। বরাবরের মতো এবারও বাকৃবিতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় উপস্থিতির হারও অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। সারা দেশে কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেক লাঘব হয়েছে, তারা নির্বিঘেœ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্র পরিদর্শনে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এসব কথা বলেন।
শনিবার (৬ মে) বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের ১৭৭ টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকৃবি কেন্দ্রে ৮ হাজার ৬৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ৩০৫ জন শিক্ষার্থী। এবারে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৬ দশমিক ০৬ শতাংশ।
পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো নজরুল ইসলাম। তিনি বলেন, বাকৃবি কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঢাবির পাঁচ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা। ময়মনসিংহ সদরের ভাটিকেশর এলাকা থেকে আগত মো. ইমরান নামের এক পরীক্ষার্থী বলেন, এ বিশ^বিদ্যালয়ের পরীক্ষার পরিবেশ খুব সুন্দর। এবারের প্রশ্নের মানও অনেক ভালো হয়েছে। বাকৃবিতে কেন্দ্র হওয়ায় পরীক্ষা দিতে আসতে কোন সমস্যা হয়নি, ভোগান্তি ছাড়াই খুব সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছি।























