শেরপুরে অবৈধ ২৬ শত কেজি চিনি উদ্ধার
২১ জুন ২০২৩, ০৪:০৩ পিএম
শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ থেকে বালুর ঢিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ, যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। গতকাল সন্ধায় শেরপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকা থেকে ৫২বস্তা চিনি উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, দমদমা এলাকাতে কোন ব্যবসায়ী মজুদের উদ্দেশ্যে চিনি মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজির ৫২বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা সম্ভব হয়নি। এমনকি স্থানীয়রাও এ বিষয়ে কিছু বলতে পারেনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারনা করা হচ্ছে৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ চিনি আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
























