দেশে ভয়ংকর নৈরাজ্য চলছে : খালেদা জিয়া
২৪ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৭ এএম
ছবি-সংগৃহীত
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ দেশে ভয়ংকর নৈরাজ্য চলছে। মানুষের জান, মালের কোনো নিরাপত্তা নেই। দেশের বর্তমান অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভারে উপভোগ করা সম্ভব হবে না। দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দূর্ভোগের মুখে ঠেলে দিয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি। পানি, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দূর্বিসহ অবস্থার সৃষ্টি করেছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার খালেদা জিয়া এক বানীতে এসব কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
খালেদা জিয়া বলেন, দেশের সকল বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদের আহবান জানাই-দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।
তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। কোরবানীর প্রধান শিক্ষা হল স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্পীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
বিএনপি চেয়ারপারসন বলেন, কোরবানীর যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যানে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সমপ্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন। মহান আল্লাহ তা’য়ালার দরবারে এই প্রার্থনা জানাই।



































