হয় ব্যালটে নয় আন্দোলনে সরকার পতন-নোমান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ এপ্রিল ২০১৬, ০৪:৩২ পিএম


হয় ব্যালটে নয় আন্দোলনে সরকার পতন-নোমান

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আপোষ আলোচনার মাধ্যমে সমস্যার কোনো সমাধান হয়নি শ্রমিকরা তা প্রমাণ করেছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, পহেলা মে অনুষ্ঠেয় শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে চলমান আন্দোলন আরো জোরদার হবে। ব্যালটে না হলে আন্দোলন করে সরকারের পতন নিশ্চিত করতে হবে।

আজ শনিবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

নোমান বলেন, ‘আন্দোলন জোরদার করে জনগণ। আর দল তার নেতৃত্ব দেয়। সমাবেশের মাধ্যমে আন্দোলন দীর্ঘ করে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘ব্যালটে না হলে আন্দোলনে সরকার পরিবর্তন হবে। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে ক্রমান্বয়ে আন্দোলনের গতি বাড়াবার চেষ্টা করছি। তা কোথাও সরবে কোথাও নীরবে।’

নোমান আরো বলেন, ‘আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। শ্রমিকের দাবি কিংবা অবাধ সুষ্ঠ নির্বাচন সব কিছুর জন্যই আন্দোলন অপরিহার্য। আন্দোলনবিহীন কোন কর্মসূচি সফল হবে না। বাংলাদেশের মানুষ আন্দোলন ও সরকার পরিবর্তন চায়। সেই পরিবর্তন বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট দিয়ে করতে চায়। সেই ব্যালটে যদি সম্ভব না হয় তাহলে আন্দোলনকে আরো তীব্র করে আমরা এগিয়ে যেতে চাই। পহেলা মে হচ্ছে আমাদের প্রেরণার উৎস।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকসহ দেশবাসীর নানা সমস্যা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এছাড়া সরকারের শ্রমবিরোধী নীতি নিয়েও কথা বলবেন তিনি।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমূখ।

Ads