ইতালীয় নাগরিক হত্যায় ভাবমূর্তি নষ্ট হয়েছে : সুরঞ্জিত
০২ অক্টোবর ২০১৫, ১১:৫১ পিএম
ছবি-সংগৃহীত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ইতালির নাগরিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, কিছু জাতীয় সমস্যা আমাদের পীড়া দিচ্ছে। এর মধ্যে একটি ইতালীয় নাগরিক হত্যাকাণ্ড। এ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। যে যাই বলুক, কূটনৈতিক পাড়ায় এ হত্যাকাণ্ড হয়েছে। সেখানকার নিরাপত্তাব্যবস্থা আরও বেশি সু-শৃঙ্খল হওয়া প্রয়োজন ছিল। এই হত্যাকাণ্ডে বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার শামিল আরকি!
তিনি বলেন, অনেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদ পেঁচানোর ষড়যন্ত্র-চক্রান্ত করছেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় কূটনৈতিকও এ বিষয়ে একমত হয়েছেন।
এ সময় সুরঞ্জিত বলেন, পাকিস্তান একটি জঙ্গি আক্রান্ত দেশ। সেখানে কেউই যায় না। কী দরকার ছিল আমাদের নারী ক্রিকেটারদের সেখানে পাঠানোর? এ নিয়ে প্রধানমন্ত্রীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। কেউই রাজনীতিমুক্ত না।
পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।



































